টাঙ্গাইলে মোটরসাইকেল-মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধ নিহত
আহত দুই জনকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। তারা সেখানে চিকিৎসাধীন।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মোটরসাইকেল ও মাহিন্দ্রার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এতে মোটরসাইকেলে থাকা দু’জন গুরুতর আহত হন।
রোববার সকালে ঘাটাইল-সাঘরদিঘী সড়কের ধলাপাড়া চৌধুরী বাড়ি ঘাটপাড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান ধলাপাড়া পাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আব্দুল কুদ্দুস।
নিহত ৭০ বছর বয়সী আব্দুল বাছেদ উপজেলার ধলাপাড়া ইউনিয়নের জাইপাটা গ্রামের বাসিন্দা।
পুলিশ কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান, সকালে ধলাপাড়া চৌধুরী বাড়ির ঘাটপাড়ে মোটরসাইকেল ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দার যাত্রী আব্দুল বাছেদসহ তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় আব্দুল বাছেদ পথে মারা যান।
আহত অন্যদের টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসক। তারা সেখানে চিকিৎসাধীন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
