১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় মাঠ থেকে তরুণ ও কিশোরীর মরদেহ উদ্ধার

ছেলেটির সঙ্গে ওই কিশোরীর ‘প্রেমের সম্পর্ক’ ছিল বলে গ্রামের বাসিন্দারা জানান।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2023, 02:06 PM

Updated : 14 Aug 2023, 02:06 PM

নওগাঁর মান্দায় মাঠের মধ্যে গাছের বাগান থেকে এক তরুণ ও কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার তুলশিরামপুর গ্রামের ঝড়াবিল মাঠের একটি ইউক্যালিপটাসের বাগান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী।

নিহতরা হলেন: ওই গ্রামের আবদুল করিমের ২২ বছর বয়সি ছেলে আরিফ হোসেন ও হাফিজুর রহমানের ১৬ বছর বয়সি মেয়ে জুলিয়া আক্তার জনি। জনি এবার এসএসসি পাস করে আর আরিফ স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

জনির বাবা হাফিজুর রহমান বলেন, “রোববার রাত ১০টা পর্যন্ত পরিবারের সবাই একসঙ্গে বসে টিভি দেখি। এরপর জনি তার মা’র সঙ্গে একই ঘরে ঘুমিয়ে পড়ে। ফজরের আজানের সময় তার মা ঘুম থেকে জেগে দেখেন, মেয়ে পাশে নেই। স্থানীয়রা সকালে মাঠে কাজে গিয়ে বাগানে তাদের মরদেহ পড়ে থাকতে দেখে।”

আরিফ হোসেনের বাবা আব্দুল করিম বলেন, “ছেলে রোববার বিকালে বাড়ি থেকে রেবিয়ে আর ফিরে আসেনি। আজ সকালে মাঠের ভেতর ইউক্যালিপটাসের বাগানে তার মরদেহ পাওয়া যায়।”

একই গ্রামের একাধিক বাসিন্দা জানান, আরিফের শারীরিক সমস্যা ছিল; যেকারণে তার শরীরে দুবার অস্ত্রোপচার হয়। কিন্তু সমস্যা থেকেই যায়। আরিফের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল বলে জানায় তারা।

আরিফের শারীরিক সমস্যা ও অস্ত্রোপচারের কথা তার বাবাও স্বীকার করেন।

মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী বলেন, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশ থেকে গ্যাসের ট্যাবলেটের গুঁড়ো, পানির বোতল ও ওয়ান টাইম গ্লাস পাওয়া গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানে তারা আত্মহত্যা করেছে।

এ বিষয়ে মান্দা থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি মোজাম্মেল হক।