মধ্যরাতে কান্না শুনে গজারিয়া হাসপাতালের ডাস্টবিন থেকে নবজাতক উদ্ধার
মাথায় আঘাত থাকায় কন্যাশিশুটির সিটিস্ক্যান করা হয়।
কান্নার শব্দ শুনে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত আনুমানিক ১টার দিকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক নুসরাত ফারজানা খান।
তিনি বলেন, হঠাৎ কান্নার শব্দ শুনে নার্স ও হাসপাতালে ভর্তি রোগীর স্বজনরা কন্যাশিশুটিকে উদ্ধার করে। উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।
কর্তব্যরত এক নার্স বলেন, উদ্ধারের অল্প কিছুক্ষণ আগেই নবজাতকটির জন্ম হয়েছে। তবে শিশুটির জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর তাকে হাসপাতালের ডাস্টবিনে ফেলে রেখে যাওয়া হয়েছে।
এদিকে নবজাতককে ফেলে যাওয়ার ঘটনায় গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফছা নাদিয়া রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে নবজাতকের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।
পরে চিকিৎসকের পরামর্শে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় আঘাত থাকায় শিশুটির সিটিস্ক্যান করা হয়। বর্তমানে শিশুটিকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
