সিরাজগঞ্জে জঙ্গল থেকে ৯৫ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় উদ্ধার চালগুলো ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ করা হয়েছিল।
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় একটি জঙ্গল থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন।
রোববার রাত ৯টার দিকে চালিতাডাঙ্গা বাজারের পুরাতন গুদামের পেছনের জঙ্গল থেকে চালগুলো উদ্ধার করা হয় বলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (ইউএনও) জানিয়েছেন।
পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া চালগুলো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে বিক্রির জন্য বরাদ্দ করা হয়েছিল। সেগুলো উপজেলা খাদ্য গুদামের জিম্মায় সংরক্ষণ করা হয়েছে বলে জানান তিনি।
ইউএনও বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী এসব চাল উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
