১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আশুলিয়ায় তিন লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

সাত মাসের অন্তঃসত্ত্বা নাজমা ১ সেপ্টেম্বর বিকালে কর্মস্থল থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 11:57 PM

Updated : 17 Sep 2026, 02:55 AM

ঢাকার আশুলিয়ায় ঘরের তালা ভেঙে পোশাকশ্রমিক, তার স্বামী ও নবজাতকের গলিত লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। 

নিহত পোশাকশ্রমিক নাজমা খাতুনের ছোট বোন মোছা. শাপলা বেগম বাদী হয়ে রোববার আশুলিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এই হত্যা মামলা করেন বলে আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান।  

মামলায় বলা হয়, দিনাজপুরের নবাবগঞ্জ থানার বড়মাগুরা গ্রামের আতিয়ার রহমানের মেয়ে নাজমা খাতুন (৩৯) ও তার স্বামী আলমগীর কবির (৪৫) আশুলিয়ার মধ্য জামগড়া এলাকায় হাজী হযরত আলীর বাসায় ভাড়া থাকতেন। সাত মাসের অন্তঃসত্ত্বা নাজমা ১ সেপ্টেম্বর বিকালে কর্মস্থল থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। ৫ সেপ্টেম্বর রাতে ওই ঘরের তালা ভেঙে ভেতরে তিনজনের লাশ দেখতে পায় পুলিশ।

১ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে যেকোনো সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তিনজনকে হত্যা করে আলামত গায়েব করার উদ্দেশ্যে দরজায় তালা ঝুলিয়ে পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। 

আশুলিয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, পেনাল কোডের ৩০২, ২০১ ও ৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। 

আরও পড়ুন:

আশুলিয়ায় তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশপুলিশ বলছে হত্যা