২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বরগুনায় মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 05:14 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

উপকূলের ১২ লাখ মানুষের চিকিৎসা সেবার সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বরগুনা জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি করেছেন সাংবাদিকরা। 

রোববার বেলা ১১টায় বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। 

পাশাপাশি হাসপাতালে আইসিইউ স্থাপন, চিকিৎসক ও নার্স সংকট নিরসনের দাবিও করেছেন তারা। 

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু বলেন, “আজকের এই আয়োজন আমাদের একার না এই মানববন্ধন সারা জেলার মানুষের প্রাণের দাবি। 

“এই মানববন্ধনের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাই যাতে অবহেলিত বরগুনাকে একটি আধুনিক বরগুনায় রূপান্তরিত করা হয়।”  

জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন, “কিছুদিন আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে আমার মেয়ে মারা গিয়েছে। আমি বুঝি পরিবারের কাউকে হারানোর ব্যথা। আমরা চাই কেউ এভাবে সন্তান, ভাই বা বোন হারানোর ব্যথায় ব্যাথিত না হোক। 

“স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে আমরা জোর অনুরোধ জানাই জেলার ১২ লাখ মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র এই বরগুনা জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিসিইউ-আইসিইউ স্থাপন করে জরুরি ভিত্তিতে উন্নতিকরণ করতে।”

তিনি বলেন, “আমরা বরগুনা জেনারেল হাসপাতালকে আরও উন্নত করতে যা কিছু দরকার হবে সেজন্য হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।” 

মানববন্ধনে জেলা জামায়াতের আমির মহিব্বুলাহ হারুন বলেন, “আমরা বরগুনাবাসী সব সময় অবহেলিত। সামান্য অসুস্থ হলেই এখানকার রোগীদের অন্য জেলার হাসপাতালে রেফার করা হয়। 

“তাই আমাদের বরগুনাতে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল কলেজ দরকার এবং এই ২৫০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় রূপান্তরিত করে একটি আইসি স্থাপনের জোর দাবি জানাচ্ছি স্বাস্থ্য উপদেষ্টার প্রতি।”

বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেয়- স্বাস্থ্য অধিকার ফোরাম, আমাদের জন্য আমরা, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, জেরিন স্মৃতি কেয়ার, মানবিক বরগুনা এবং বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রেজওয়ানুর আলম, স্বাস্থ্য অধিকার ফোরামের হাসানুর রহমান ঝন্টু, রোগী কল্যাণ সমিতির মো. আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নুরুল আলম, বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা আসমা, সাংবাদিক মুশফিক আরিফ, গোলাম হায়দার স্বপন, ছাত্রশিবিরের গাজী হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের আব্দুস সালামসহ অনেকে। 

সমাবেশে বক্তারা বলেন, দাবি না মানলে হরতালসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।