Published : 23 Aug 2026, 07:03 PM
টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম জানান।
দণ্ডিত আবদুল গফুর ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু শেখের ছেলে। রায় ঘোষণার পর তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাজার পাশপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিত আবদুল গফুর ঘাটাইল উপজেলার মালেঙ্গা গ্রামের মৃত কানছু শেখের ছেলে। রায় ঘোষণার পর তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সাজার পাশপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, প্রায় ৩০ বছর আগে ঘাটাইল উপজেলার মাকড়াই গ্রামের কোপাত আলীর মেয়ে সেলিনা খাতুনের সঙ্গে আবদুল গফুরের বিয়ে হয়। তাদের চার সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।
মামলার বরাতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন বলেন, ঘটনার প্রায় তিন মাস আগে স্বামী গফুরের বিরুদ্ধে আদালতে যৌতুকের মামলা করেন সেলিনা। ওই মামলা আপস-মীমাংসার উদ্দেশ্যে ২০২২ সালের ২০ নভেম্বর স্থানীয় এক ইউপি সদস্যের বাড়িতে যান তিনি।
বিকালে সেখান থেকে ফেরার পথে গফুর মামলা তুলে নেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। সেলিনা এতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে নির্জন জঙ্গল এলাকায় নিয়ে যান গফুর। সেখানে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করে লাশ পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যান তিনি।
পরদিন ২১ নভেম্বর বিকালে মাকড়াই গ্রামের ইমান আলীর বাড়ির দক্ষিণ পাশে জঙ্গল থেকে সেলিনার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সেলিনার ভাই মো. আবদুল মান্নান বাদী হয়ে ঘাটাইল থানায় হত্যা মামলা করেন।
পিপি জানান, ঘটনার পর পুলিশ আবদুল গফুরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ঘাটাইল থানার এসআই সাজ্জাদ হোসেন ২০২২ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটির বিচারকাজে আদালত মোট ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ প্রায় চার বছর পর সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত রোববার এ রায় দেন।