Published : 20 Jun 2026, 09:33 PM
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরনো টায়ার থেকে তেল উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শনিবার দুপুরে পূবাইল কলেজ গেইট এলাকায় অবস্থিত ‘অটো গ্রিন অয়েল’ কারখানায় এ ঘটনা ঘটে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম।
তিনি বলেন, কারখানাটিতে উচ্চ তাপে পুরনো টায়ার ও ব্যবহৃত মবিল প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল উৎপাদন করা হয়। শনিবার দুপুরে হঠাৎ একটি বয়লার বিস্ফোরিত হলে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত করা হবে।
এর আগে ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই স্থানে অবস্থিত ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ কারখানায় বয়লার বিস্ফোরণে আটজন নিহত হন। ওই ঘটনার পর জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে দেয়।
পরে নতুন নামে ‘অটো গ্রিন অয়েল’ হিসেবে কারখানাটির কার্যক্রম শুরু হয়। স্থানীয়দের দাবি, বর্তমানে কারখানাটির চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, ফলে ভেতরের কার্যক্রম বাইরে থেকে দেখা যায় না।