Published : 02 Nov 2023, 04:56 PM
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের তৃতীয় দিনে বগুড়ায় একটি ট্রাকে ‘পেট্রোল’ ঢেলে আগুন দেওয়া হয়েছে। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়ার শহরতলীর বারপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান।
ট্রাকের মালিক ও চালক নূর হোসেন বলেন, “পরিষ্কারের জন্য ট্রাকটি এক গ্যারেজ থেকে বের করে পাশের গ্যারেজে নিয়ে যাচ্ছিলাম। তখন রাস্তায় ছয় থেকে সাত জন লোক দেখে ট্রাকটি মহাসড়কের পাশে দাড় করাই।
“এ সময় তারা দৌড়ে এসে বোতল থেকে পেট্রোল ঢেলে দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে।”
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মীর বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অগ্নিকাণ্ডে ট্রাকের সামনের অংশ পুড়ে গিয়েছে। হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এ ঘটনায় সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।