Published : 16 May 2026, 07:45 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে; এ ঘটনায় আরও এক কিশোর ও এক গৃহবধূ আহত হয়েছেন।
শনিবার বেলা ১১টার দিকে উপজেলার কেদার ইউনিয়ন ও বামনডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান কচাকাটা থানার ওসি অর্পন কুমার দাস।
নিহত রিয়াজুল ইসলাম (৩৮) চর বিষ্ণুপুর গ্রামের কেরামত আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে রিয়াজুল বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটছিলেন। বেলা ১১টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
একই সময় মাঠে ছাগল আনতে গিয়ে বামনডাঙ্গা ইউনিয়নের আশরাফুল ইসলামের ছেলে বায়েজিদ ইসলাম (১৫) এবং একই এলাকার গৃহবধূ ইসমতারা রান্না ঘরে থাকা অবস্থায় আহত হন। তাদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত কিশোরের বাবা আশরাফুল ইসলাম বলেন, বৃষ্টি দেখে ছেলেকে ছাগল আনতে পাঠানো হয়েছিল। তখন বজ্রপাতে সে আহত হয়।
ওসি অর্পন কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।