১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ ৩০ শ্রমিক, একদিনের ছুটি

শ্রমিকরা জানিয়েছেন, কারখানার বাথরুমে যাওয়ার পর অনেকেই মাথা ঘুরে পড়ে যান।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 10:05 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

গাজীপুর নগরে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত ৩০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর কারখানাটি একদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরের ভোগড়া বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে বলে জানান বাসন থানার ওসি হারুন অর রশিদ।

অসুস্থ শ্রমিকদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তারা। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আলেমা টেক্সটাইল কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেন। ১০টার দিকে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিতে নিতে অন্তত ৩০ জন শ্রমিক মাথা ঘুরে পড়ে যান। পরে তাদের আশপাশের হাসপাতালে পাঠানো হয়। তবে অসুস্থতার কারণ জানাতে পারেননি তিনি।

বাসন সড়ক বিসমিল্লাহ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বলেন, “অসুস্থ শ্রমিকদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। শ্রমিকরা জানিয়েছেন, কারখানার বাথরুমে যাওয়ার পর অনেকেই অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান।”

কারখানার শ্রমিকরা জানিয়েছেন, ঈদুল আজহার ছুটি ঘিরে কয়েকদিন ধরে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছেন শ্রমিকরা। এতে অনেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। এতে অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

ওসি হারুন অর রশিদ বলেছেন, “অসুস্থদের অবস্থা আশঙ্কামুক্ত। কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”