১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইজিপির বাসায় চুরির খবর ‘সত্য নয়’, বলছে পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তর বলছে, ঝড়-বৃষ্টির কারণে ছিঁড়ে পড়া তার ‘খোয়া’ গিয়েছিল, চুরি হয়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 02:10 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরের বাগেরহাটের বাড়িতে চুরির যে খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর।

বুধবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আইজিপির বাসায় কোনো চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

“প্রকৃত ঘটনা হল, গত ১৬ মার্চ আনুমানিক রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।”

বিষয়টি থানা পুলিশের নজরে এলে পরদিন অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) এবং মো. চঞ্চল শেখ (৩৮) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সদর দপ্তরের ভাষ্য। 

আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত 'ভ্রান্ত' ও 'বিভ্রান্তিকর' সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

পুরনো খবর

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি