Published : 07 Jul 2026, 07:08 PM
যশোরে এক যুবকের প্যান্টের পকেট থেকে এক কোটি ১৯ লাখ টাকা সোনার বার জব্দ করা হয়েছে; যেগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ সেতু এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।
আটক রিপন মৃধা (২৫) নড়াইলের কালিয়া উপজেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।
বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন খবর পেয়ে ভোরে বিজিবির একটি বিশেষ অভিযানিক দল নীলগঞ্জ সেতু এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন রিপনকে আটক করা হয়।
পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৮৩ দশমিক ১৯ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ১৯ লাখ ২৩ হাজার ৩১৯ টাকা বলে জানায় বিজিবি।
এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার ৬১৫ টাকা জব্দ করা হয় বলে জানায় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন স্বর্ণের বারগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।
রিপনের বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা।