আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
বরগুনার বেতাগীতে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ কথা বলেন তিনি।
আগামী বছর দেশে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
রোববার দুপুরে বরগুনার বেতাগী উপজেলায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ কথা বলেন তিনি।
বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ বিল নিয়ে বরগুনা-২ আসনের সংসদ সদস্য বলেন, “হাসিনার বিদ্যুৎ প্লান্ট আছে, কিন্তু ভেতরে মেশিন নাই। হাসিনা টাকা খাওয়ার জন্য এসব বিদ্যুৎ প্লান্ট করেছে। তাই এখন বিল কমানোর কোনো রাস্তা সরকারের কাছে নাই।”
দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে চিফ হুইপ বলেন, “গত দুই বছরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঘটনা ঘটেনি। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এ দেশের নাগরিক এবং সবার অধিকার সমান।
“দুর্গাপূজার দিকে কেউ বাঁকা চোখে তাকালে, সেই চোখ আর সোজা করা যাবে না, সেটা বাঁকাই থাকবে।”
সামাজিক যোগাযোগমাধ্যমের খারাপ দিক তুলে ধলে নুরুল ইসলাম বলেন, ফেইসবুকের খারাপ কনটেন্টের কারণে শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
সভা শেষে বেতাগী উপজেলার অসহায় ও দুস্থ ৩৭টি পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন চিফ হুইপ। এ ছাড়া উপজেলার সব পূজামণ্ডপে নগদ অর্থ ও জিআর চাল বিতরণ করা হয়।
