১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় বেড়াতে গিয়ে বিলে ডুবে নারী-শিশুর মৃত্যু

তারাকান্দা উপজেলা থেকে পূর্বধলার বিষম্ভপুর গ্রামের একিন আলীর বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে আসেন কয়েকজন আত্মীয়-স্বজন।

নেত্রকোণায় বেড়াতে গিয়ে বিলে ডুবে নারী-শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 10:31 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় বিলে বেড়াতে গিয়ে নৌকা ডুবিতে নারী ও শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকাল পৌনে ৫টার দিকে উপজেলার বিষম্ভপুর গ্রামের চিকনি বিলে এ ঘটনা ঘটে বলে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান।  

নিহতরা হলেন- ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহেরের মেয়ে নুসরাত (৮)। 

এ ঘটনায় আহত পূর্বধলার বিষম্ভপুর গ্রামের আসমত আলীর মেয়ে মিম আক্তারকে (১২) পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, তারাকান্দা উপজেলা থেকে পূর্বধলার বিষম্ভপুর গ্রামের একিন আলীর বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে আসেন কয়েকজন আত্মীয়-স্বজন। পরে তাদের মধ্যে পাঁচ-ছয়জন মিলে গ্রামের চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকায় ভ্রমণে বের হন। 

অতিরিক্ত যাত্রী উঠায় নৌকাটি একপর্যায়ে ডুবে যায়। এ সময় তাদের চিৎকার শুনে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় জমিলা আক্তার, নুসরাত ও মিমকে। সেখানকার চিকিৎসক জমিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “অতিরিক্ত যাত্রী উঠার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”