হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ২ সহোদরের
অসাবধানতাবশত দুই ভাই বাড়ির পাশের পুকুরে পড়ে যায় বলে জানান স্বজনরা।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শৈলজুড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. আবুল কালাম।
মৃতরা হলো- ওই গ্রামের বকুল সরকারের ছেলে শ্রাবণ সরকার (৮) এবং সৌরভ সরকার (৬)। এর মধ্যে শ্রাবণ স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্বজনরা জানান, দুপুরে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় দুই ভাই। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ওই এলাকার পরিবেশ।
