Published : 19 Aug 2026, 11:08 AM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় শাখা কমিটি বিলুপ্ত করা হয়েছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে ছাত্রদলের সহ-সভাপতি পদমর্যাদায় থাকা দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।
“বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ (মঙ্গলবার) এই সিদ্ধান্ত অনুমোদন করেন “
এর আগে সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হোসেনের অনুসারীদের সঙ্গে জ্যেষ্ঠ সহসভাপতির সাব্বির হোসেন শান্তর অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। এ সময় হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক।
পরে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরিস্থিতি থমথমে থাকায় বুধবার সকালেও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে।
আগের সংবাদ
নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা-ধাওয়া