Published : 31 Oct 2025, 01:59 PM
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্থ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
শুক্রবার ভোর প্রায় ৫টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিস এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে বলে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে বাজারের আট ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল আগুনে পুড়ে যায়।
কচাকাটা বাজারের ব্যবসায়ীরা বলছেন, আগুনে সার-তেল, বীজ ও কীটনাশক ব্যাবসায়ী অধির চন্দ্র সাহার ১৭ লাখ, একই পণ্যের ব্যাবসায়ী আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডর্সের মালিক হাছেন আলীর ১০ লাখ, মুদি দোকান মালিক মমিনুল ইসলাম, সুপারী ব্যবসায়ী আতাউর ও ইব্রাহিমের ৩ লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীলের ১ লাখ ৫০ হাজার এবং মসলা ব্যবসায়ী মোজাফ্ফর আলীর ৫০ হাজার টাকার মালমাল আগুনে পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী কচাকাটা বাজার এলাকার খাইরুল ইসলাম বলেন, “ভোর প্রায় ৫টার দিকে বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন লাগে। মূহুর্তেই তা দুই পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।”

আরেক বাসিন্দা আশিকুর রহমান বলেন, “ভোর পৌনে ৫টার দিকে উঠে দেখি বাজারের উত্তর পাশের একটি দোকানে আগুন জ্বলছে। মানুষজনকে ডাকাডাকি করে আগুন নেভানোর চেষ্টা করি।”
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অধির চন্দ্র সাহার ছেলে প্রাণ চন্দ্র সাহা বিলেন, “রাতে বাবা দোকান বন্ধ করে বাসায় যায়। ভোরে মানুষের হৈ চৈ শুনে বাজারে এসে দেখি, দোকানে আগুন জ্বলছে।
“আগুনে আমাদের ১৭ লাখ টাকা মালামাল পুড়ে গেছে।”
আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুর রহমানের ছোট ভাই মমিনুল ইসলাম বলেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
কেদার ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আ খ ম ওয়াজিদুল কবীর রাশেদ বলেন, “আগুন লাগার খবর শুনে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয়রা আগুন নেভাতে কাজ করে।”
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টিম লিডার সাইফুল ইসলাম বলছেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা হচ্ছে।”