১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তাদের ব্যবহার করে ২০ বছর সুষ্ঠু নির্বাচন হতে দেওয়া হয়নি: পর্যটনমন্ত্রী

“হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 13 Sep 2026, 06:48 PM

Updated : 17 Sep 2026, 02:59 AM

ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামতো নির্দেশনা দিয়ে কাজ করানো হতো বলে মন্তব্য করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

তার দাবি, এর ফলে প্রায় ২০ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি।

রোববার দুপুরে শেরপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন মন্ত্রী। 

তিনি বলেন, “ফ্যাসিস্ট সরকার তাদের জুলুম ও কৃতকর্মের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সকল মন্ত্রী পরিষদকে নিয়ে যেভাবে দেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। 

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পর্যটনমন্ত্রী বলেন, “ফ্যাসিস্ট আমলে দেশের সব সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করে নিজেদের ইচ্ছামতো নির্দেশনা দিয়ে কাজ করানো হতো। এর ফলে প্রায় ২০ বছর দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। হাজার হাজার কোটি টাকা পাচারের কারণে দেশ আজ পিছিয়ে পড়েছে।”

মন্ত্রী বলেন, ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ২০২৪ এ আমরা সার্বভৌমত্ব পেয়েছি। আর এই পাওয়ার পেছনে যারা জীবন দিয়েছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে এবং তাদের চেতনাকে ধরে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এ সময় শেরপুর জেলায় গারো পাহাড় এলাকায় পর্যটন কর্পোরেশনের পর্যটন স্পট এবং হোটেল-মোটেল নির্মাণের দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির এই সভায় সরকারদলীয় শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের সংসদ  সদস্য মাহমুদুল হক রুবেল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, সিভিল সার্জন মো. শাহীন, বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, র‍্যাব, বিজিবি, আনসার ব্যাটালিয়নসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধি, বিএনপি ও জায়ামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী শেরপুর আসলে সার্কিট হাউস প্রাঙ্গনে জেলা বিএনপি নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানায় এবং আইনশৃঙ্খলা কমিটির পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।