১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে নবীন বরণে সংঘর্ষ, গ্রেপ্তার ২৪

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এতে আসামি করা হয়েছে ৬৩ জনকে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 01:13 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নবীন বরণ অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

রোববার দুপুরে সংঘর্ষের পর পুলিশ ও র‍্যাব নগরীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বলে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন।

পুলিশ বলছে, কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থলে চারজন গুরুতর আহত হন।

আহতরা হলেন- মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মাহিন ও রিজভী। তারা কুমিল্লার বিভিন্ন কলেজের শিক্ষার্থী।

স্থানীয়রা বলছে, সকালে উচ্চ মাধ্যমিকের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও তাহফিদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের কথা কাটাকাটি হয়। পরে সিফাত তার বাইরের বন্ধুদের নিয়ে কলেজে আসে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

ঘটনার পর পুলিশ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করে। এতে ৬৩ জনকে আসামি করা হয়েছে বলে ওসি মহিনুল ইসলাম জানান।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আব্দুল্লাহ বলেন, “সংঘর্ষের ভিডিও ভাইরাল হওয়ার পরপরই অভিযান শুরু হয়।

“রাতভর অভিযান চালিয়ে হোতাসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদেরও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, “ঘটনার ভিডিও প্রকাশের পর আলোড়ন সৃষ্টি হয়। র‌্যাব তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে। তাদের আদালতে পাঠানো হবে।”