১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাড়ে ৫ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল স্বাভাবিক

সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি উদ্ধার করে লাইন স্বাভাবিক করা হয়।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2026, 09:25 AM

Updated : 26 Aug 2026, 03:39 PM

ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত মালবাহী ট্রেনটি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে পাঁচ ঘণ্টা পর খুলনার সঙ্গে উত্তরবঙ্গের সব ধরনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সাবদারপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রিপন মিয়া বলেন, বুধবার গভীর রাত ৩টার দিকে কোটচাঁদপুর স্টেশন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি খুলনার মোংলা বন্দর থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।  

দুর্ঘটনায় মালবাহী ট্রেনটির পেছনের চারটি ওয়াগনের ১২টি চাকা লাইনচ্যুত হয়। পরে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনটি উদ্ধার করে লাইন স্বাভাবিক করা হয়। 

তিনি বলেন, দুর্ঘটনার পর আশপাশের স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। সেগুলো গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে।