Published : 30 Jan 2026, 10:12 PM
নির্বাচনে কোনো কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচনে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল ও ভিজিলেন্স টিমকে উদ্দেশ করে তিনি বলেন, “যা করবেন স্বচ্ছভাবে করবেন। নিরপেক্ষতার প্রশ্নে এক সুতাও যেন নড়চড় না হয়। পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এক সভায় এ কথা বলেন তিনি।
সানাউল্লাহ বলেন, “নির্বাচন কমিশনসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের চোখে সব প্রার্থী সমান। এটা শুধু মুখে নয়, আমাদের কাজের মাধ্যমে প্রতিফলিত করতে হবে। নির্বাচন কমিশন বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বা হবে না, যা সামান্যতম পক্ষপাতদুষ্ট।
“তবুও যদি কেউ ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা বা পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাত প্রদর্শন করেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ভয়ানক কঠিন হবে। নির্বাচনের ফল নির্ধারণ করবে ভোটার, অন্য কেউ নয়।”
পোস্টাল ভোট প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, “কোনো অবস্থাতেই পোস্টাল ভোটের ক্ষেত্রে কোনো ধরনের ত্রুটি রাখছি না। লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনও ভোট গ্রহণযোগ্য হবে না। যাতে করে যে ভোটার তিনিই ভোট দিয়েছেন তা যেন নিশ্চিত হয়।
“এর মধ্যে কেউ কেউ নানান ভিডিও ক্লিপ ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। তাই আমরা কোনো ধরনের সুযোগ দিচ্ছি না। যে ভোটার তার খাম-কিউআর কোড স্ক্যান করেননি তার ভোট বাতিল বলে গণ্য হবে।
“তিনশত ভোটের জন্য একজন করে পোলিং ও প্রিজাইডিং কর্মকর্তা দেওয়া হবে। এর বাইরেও রিটার্নিং কর্মকর্তার চাহিদা অনুযায়ী লোকবল বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পক্ষপাতিত্বের ব্যাপারে কোনও সুযোগ দেওয়া হবে না।”
অন্যসব কেন্দ্রের চেয়ে পোস্টাল ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার বেশি করার কথা বলেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ্ তাসলিমা আক্তার।