১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বৈষম্যবিরোধী নেতাকে হত্যা: সিরাজগঞ্জে আরও ২ জন গ্রেপ্তার

এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়; যাদের মধ্যে তিনজনই কিশোর।

বৈষম্যবিরোধী নেতাকে হত্যা: সিরাজগঞ্জে আরও ২ জন গ্রেপ্তার
নিহত আব্দুর রহমান রিয়াদ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 03:30 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুর রহমান রিয়াদকে হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। 

বুধবার ও বৃহস্পতিবার আলাদা অভিযানে ঢাকা ও টাঙ্গাইলে থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান সিরাজগঞ্জ ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজমিলুর রহমান।

গ্রেপ্তারদের মধ্যে মো. সিয়াম (২১) জেলা শহরের ধানবান্দি মহল্লার আব্দুস সালামের ছেলে এবং অপরজন একই পাড়ার ১৭ বছরের এক কিশোর। 

হত্যাকাণ্ডের ঘটনায় এর আগে দুইজনকে গ্রেপ্তার করা হয়; যারা শিশু ও কিশোর। এর মধ্যে তারা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বর্তমানে তারা শিশু নিরাময় কেন্দ্রে রয়েছে।

নিহত আব্দুর রহমান রিয়াদ (১৮) শহরে সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি সিরাজগঞ্জ ইসলামীয়া কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সকালে র‌্যাব-১২ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার উসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোপন খবর পেয়ে বুধবার ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের আলফা জোন অ্যান্ড কোম্পানি এলাকা থেকে মামলার প্রধান আসামি এক কিশোরকে গ্রেপ্তার করা হয়। সকালে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। 

এদিকে ভোরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে সিয়ামকে গ্রেপ্তার করা হয় বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা তাজমিলুর রহমান।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হল; যাদের মধ্যে তিনজনের বয়স ১৮ বছরের নিচে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এর আগে ২৮ ডিসেম্বর প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র রিয়াদ। বিকাল সাড়ে ৪টার দিকে শহরের (চৌরাস্তা মোড়) বাহিরগোলা রোডে অটোরিকশায় বসে থাকা রিয়াদকে ১০ থেকে ১২ জন কুপিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মুনসুর আলী মেডিকেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রিয়াদ মারা যান। 

এ ঘটনায় রিয়াদের বাবা রেজাউল করিম বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় ১০ থেকে ১৫ জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন।

সিরাজগঞ্জে কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা