Published : 28 Dec 2025, 11:34 PM
সিরাজগঞ্জ শহরে সিএনজিতে বসে থাকা অবস্থায় এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
রোববার বিকালে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
নিহত আব্দুর রহমান (২০) শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার রেজাউল করিমের ছেলে। তিনি শহরের ইসলামিয়া সরকারী কলেজে এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য ছিলেন আব্দুর রহমান।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি সিএনজি চালিত অটোরিকশায় বসে ছিলেন আব্দুর রহমান। এ সময় সামনে ও পেছন থেকে কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে আব্দুর রহমান আঘাত করে পালিয়ে যান।
আব্দুর রহমানের চাচা সোহাগ বলেন, “সন্ধ্যার দিকে হাসপাতাল থেকে ফোন দিয়ে জানানো হয়, আব্দুর রহমান সেখানে ভর্তি আছেন। গিয়ে দেখি, সে মারা গেছে।
“যতটুকু জেনেছি, কয়েক যুবক তাকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেলে হাসপাতালে ভর্তি করে। কারা কী কারণে মেরেছে, আমরা বলতে পারছি না।”
সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। সে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তবে কী কারণে হত্যা করেছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।”