বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধের দাবি কোরিয়ায়
‘প্রবাসী ঐক্য পরিষদ, দক্ষিণ কোরিয়া’ এ সভার আয়োজন করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রবাসীদের সঙ্গে ‘অনিয়ম, দুর্নীতি ও হয়রানি’ বন্ধের দাবিতে দক্ষিণ কোরিয়ায় প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার কোরিয়ার হোয়াসং সিটির ফরেনার সাপোর্ট সেন্টারে ‘প্রবাসী ঐক্য পরিষদ, দক্ষিণ কোরিয়া’র উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে দেশটির বিভিন্ন শহর থেকে আসা কয়েক শতাধিক বাংলাদেশি প্রবাসী, ব্যবসায়ী ও কমিউনিটি নেতা-কর্মী অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, “প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখলেও দেশে যাতায়াতের সময় বিমানবন্দরে প্রতিনিয়ত নানা ধরনের হয়রানি ও ভোগান্তির শিকার হন।”
এছাড়া বিদেশযাত্রার আগে পাসপোর্ট অফিস, পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহসহ অন্যান্য সরকারি সেবা নিতে গিয়ে প্রবাসীদের দুর্ভোগ পোহাতে হয়। এসব ‘হয়রানি ও দুর্নীতি’ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা।
অনুষ্ঠানে গাচ্ছান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মোর্শেদ ভূঁইয়া, প্রবাসী ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক এম আই ছোটন, সমন্বয়ক আব্দুর রহমান চৌধুরী, ইব্রাহিম বিন ইদ্রিস, মো. কামাল হোসাইন, এস এম ইকবাল এবং নবাঙ্কুর শিল্পগোষ্ঠীর প্রধান আকিল উদ্দীন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. জাহাঙ্গীর আলম।
সভায় প্রবাসীদের স্বার্থসংক্রান্ত ছয়টি দাবি উত্থাপন করা হয়:
১. স্বচ্ছতা ও জবাবদিহি: বিমানবন্দরের ইমিগ্রেশন, কাস্টমস ও অন্যান্য সেবায় পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
২. হয়রানি ও অনিয়ম তদন্ত: ঘুষ, দালালের দৌরাত্ম্য ও যাত্রী হয়রানির অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা।
৩. লাগেজ সমস্যার দ্রুত সমাধান: হারানো বা ক্ষতিগ্রস্ত লাগেজ এবং মালামাল চুরির অভিযোগ দ্রুত নিষ্পত্তি করা।
৪. ২৪/৭ হেল্পডেস্ক: বিমানবন্দরে ২৪ ঘণ্টা কার্যকর প্রবাসী সহায়তা কেন্দ্র চালু রাখা।
৫. অভিযোগ নিষ্পত্তির সময়সীমা: অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা এবং তা সমাধানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা।
৬. নিয়মিত মতবিনিময়: বিমানবন্দরের সেবার মান উন্নয়নে প্রবাসী প্রতিনিধি ও সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা করা।
আসছে ১৪ অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুরের কোরিয়া সফরকালে প্রবাসীদের পক্ষ থেকে এই ৬ দফা দাবিসহ একটি স্মারকলিপি তার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান আয়োজকরা।
