সিডনিতে নজরুলসংগীতের আবেশ ছড়ালেন ফাতেমা তুজ জোহরা
প্রায় দুই ঘণ্টা একটানা গান গেয়ে তিনি পুরো মিলনায়তনকে মুগ্ধ করে রাখেন।
একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরার সুরের আবাহনে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল প্রবাসীদের সাংস্কৃতিক সন্ধ্যা।
শনিবার সিডনির হার্সভিল সিভিক থিয়েটারে আয়োজিত এ অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিলেন বরেণ্য এ শিল্পী। তার কণ্ঠ ও শাস্ত্রীয় সংগীতের আবেশে প্রবাসের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ জীবন্ত হয়ে ওঠে।
প্রবাসীদের সংবাদপত্র ‘সিডনিবাসী-বাংলা ডটকম’-এর ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যান্সি লিনা ব্যারেল ও মাফরুহা আলম। প্রথম পর্বে গান শোনান শিল্পী অমিয়া মতিন ও আবদুল্লাহ আল মামুন। এছাড়া শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলী ডান্স একাডেমির শিল্পীরা।
দ্বিতীয় পর্বে মঞ্চে উঠেন ফাতেমা তুজ জোহরা। এসময় প্রবাসী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা দেওয়া হয়। শুধু গায়িকা হিসেবেই নয়, অভিনয়, কবিতা, গল্প ও নজরুল গবেষণায় তার অবদানের কথা স্মরণ করা হয় অনুষ্ঠানে।
ফাতেমা তুজ জোহরা নজরুলসংগীতের ঠুমরি, খেয়াল ও গজলসহ রাগসংগীত পরিবেশন করেন। প্রায় দুই ঘণ্টা একটানা গান গেয়ে তিনি পুরো মিলনায়তনকে সুরের আবেশে মুগ্ধ করে রাখেন।
এই পর্বে আবেগঘন মুহূর্ত তৈরি হয় যখন তার ছাত্রী অমিয়া মতিন মঞ্চে এসে শিক্ষকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে ‘তারে বলবো আমি মনের কথা’ গানটি গাইতে শুরু করেন। শিক্ষক ও ছাত্রীর এ যুগলবন্দি পুরো মিলনায়তনকে করতালিতে মুখরিত করে তোলে।
পুরো আয়োজনে যন্ত্রসংগীতে সহযোগিতা করেন গিটারিস্ট সোহেল খান, তবলাবাদক অভিজিৎ দান, অক্টোপ্যাডে শাহরিয়ার এবং কিবোর্ডে সাইফ সোহান।
