২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় প্রবাসী সেবায় ‘কল সেন্টার’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

‘জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষে পালিত ‘সেবা সপ্তাহের’ শেষ দিন এ আয়োজন করে মিশন।

মালয়েশিয়ায় প্রবাসী সেবায় ‘কল সেন্টার’ উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী

অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

রফিক আহমদ খান রফিক আহমদ খান

কুয়ালালামপুর থেকে

Published : 08 Jan 2024, 03:38 PM

Updated : 08 Jan 2024, 03:40 PM

মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের ই-পাসপোর্ট ও ভিসা আবেদন কেন্দ্রের ‘কল সেন্টার’ উদ্বোধন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

‘জাতীয় প্রবাসী দিবস’ উপলক্ষে পালিত ‘সেবা সপ্তাহের’ শেষ দিন শুক্রবার কুয়ালালামপুরে সাউথগেট কমার্শিয়াল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তিনি।

এসময় পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে হাই কমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন। উপস্থিত ছিলেন সেবার জন্য চুক্তিবদ্ধ আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ (ইএসএল)-এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ।

‘কল সেন্টার’ চালুর জন্য হাই কমিশনকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রবাসী-বান্ধব নীতি’ অনুসরণ করছেন। এ লক্ষ্যে ৩০ ডিসেম্বরকে ‘জাতীয় প্রবাসী দিবস’ ঘোষণা করেছে সরকার।” 

Image

পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে হাই কমিশনার মো. শামীম আহসান ফিতা কাটেন।

তিনি আরও বলেন, “মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশন তাদের সীমিত জনবল দিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ১২ লাখেরও বেশি প্রবাসীদের পাসপোর্টসহ অন্যান্য সেবা এবং বিদেশিদের ভিসা সেবা দিয়ে আসছে। সম্প্রতি স্বাক্ষরিত চুক্তির আওতায় গত একবছরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি মালয়েশিয়ায় এসেছেন। ফলে আগের যেকোন সময়ের তুলনায় হাই কমিশনের কাজের পরিধি বেড়েছে। এ পরিস্থিতিতে ‘পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ’ ধারণার আদলে সরকারের নির্দেশনায় পাসপোর্ট এবং ভিসা সেবা সহজ ও দ্রুততর করতে আউটসোর্সিং কোম্পানি নিয়োগ দেওয়া হয়েছে।”

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন আব্দুল মোমেন।

হাই কমিশনার শামীম আহসান তার স্বাগত বক্তব্যে বলেন, “তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রবাসী-বান্ধব নাগরিক সেবা নিশ্চিত করতে সম্প্রতি কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশন বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড’ (ইএসএল) এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। ই-পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে আবেদন ফরম পূরণ, স্ক্যান ও বায়োমেট্রিকসহ আবেদনের সব কার্যক্রম ইএসএল সম্পন্ন করবে। হাই কমিশন মালয়েশিয়ার পোস্টাল বিভাগের মাধ্যমে পাসপোর্ট বিতরণ নিশ্চিত করবে।”

কল সেন্টারের টেলিফোন নম্বর ০৩৯২১২০২৬৭। সোম থেকে শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট ও ভিসা বিষয়ে এ নম্বরে কল করে পরামর্শ নেওয়া যাবে।