১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গণহত্যার স্বীকৃতি চেয়ে যুক্তরাষ্ট্রে র‍্যালি করবে মুক্তিযোদ্ধারা

একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে চলমান আন্দোলনে ‘চাপ সৃষ্টির অভিপ্রায়ে’ এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2022, 05:27 PM

Updated : 05 Dec 2022, 07:17 PM

একাত্তরের ২৫ মার্চ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে যুক্তরাষ্ট্রে র‍্যালি করবে প্রবাসী মুক্তিযোদ্ধারা।

আসছে শুক্রবার বিকেলে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠেয় এ কর্মসূচির ঘোষণা দেন তারা।

এর আয়োজক সেক্টর কমান্ডারস ফোরাম যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারি জানান, আন্তর্জাতিক গণহত্যা ও প্রতিরোধ দিবসে ভিকটিমদের স্মরণ কর্মসূচির আওতায়  এ র‍্যালি অনুষ্ঠিত হবে ফার্স্ট অ্যাভিনিউর ওপর এবং ৪২ ও ৪৩ স্ট্রিটের মধ্যে অবস্থিত সড়কদ্বীপে। গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবিতে চলমান আন্দোলনে ‘চাপ সৃষ্টির অভিপ্রায়ে’ এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

মুক্তিযোদ্ধাদের সঙ্গে প্রবাসীরাও এতে অংশ নেবেন বলে আশা করছেন তারা।

এ উপলক্ষে জেনোসাইড-৭১ ফাউন্ডেশনের সভাপতি প্রদীপ রঞ্জন কর ও সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী ওইদিনই এক সংবাদ সম্মেলনে তাদের কর্মসূচির বিস্তারিত জানানোর ঘোষণা দিয়েছেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- একাত্তরে পাক হায়েনাদের গণহত্যার ভিকটিমদের স্মরণে মোমবাতি প্রজ্বলন, জেনোসাইডের ওপর তথ্যচিত্র প্রদর্শন, একাত্তরের জেনোসাইডের স্বীকৃতি আদায় বিষয়ে আলোচনা এবং ভিকটিমদের স্মরণে কবিতা আবৃত্তি ইত্যাদি।