০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

জুরিখে আবার বাজছে ঢাক: প্রবাসীদের দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন

আয়োজকরা জানান, ২০০৮ সাল থেকে তারা সুইজারল্যান্ডে পূজা আয়োজন করে আসছেন।

রবি দাস, সুইজারল্যান্ড থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Oct 2026, 04:33 AM

Updated : 02 Oct 2026, 04:33 AM

সুইজারল্যান্ডে জুরিখে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে শুরু হতে যাচ্ছে ১৯তম বর্ষের শারদীয় দুর্গোৎসব।

প্রতি বছরের মতো এবারও তিথি ও ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুসরণ করে আসছে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী পূজার আয়োজন সাজানো হয়েছে।

এ আর দাস রবি, সুজিত দাস, তপন চক্রবর্তী ও সুবাস সরকারসহ ১৫ সদস্যের একটি পরিচালনা কমিটি এবারের উৎসবের ব্যবস্থাপনা তদারকি করছেন।

তারা জানান, পঞ্জিকা অনুসারে আগামী ১৭ অক্টোবর মহাষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পূজার সূচনা হবে। পরবর্তীতে ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতার মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটবে।

মন্দির কর্তৃপক্ষের সংরক্ষিত প্রতিমা ও শৈল্পিক মণ্ডপসজ্জাকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জুরিখের কান্সলাইস্ট্রাসে ১৬১ নম্বরে অবস্থিত মন্দিরে এ অনুষ্ঠানে শাস্ত্রীয় রীতি মেনে দেবীর ভোগ ও নিরামিষ প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

পাশাপাশি প্রবাসী শিশু-কিশোর ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও শ্রুতিনাটকের আয়োজন রয়েছে।

আয়োজকরা জানান, ২০০৮ সাল থেকে তারা সুইজারল্যান্ডে দুর্গাপূজা আয়োজন করে আসছেন। প্রবাসে ধর্মীয় আচার রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতি তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।