Published : 28 Jul 2026, 04:02 PM
দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় কুইন্সটাউনে এক দোকানে আগুন লেগে ছয় বাংলাদেশির প্রাণ গেছে; আহত হয়েছেন একজন।
স্থানীয় সময় মঙ্গলবার ভোররাত ৩টার দিকে ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের কাছে সমো শহরে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বরাত দিয়ে প্রিটোরিয়ায় বাংলাদেশের হাই কমিশনার শাহ আহমেদ শফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি দোকানে মোট সাতজন ঘুমন্ত অবস্থায় ছিলেন। ছয় জন মৃত্যুবরণ করেছেন এবং আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।”
ঘটনা জানার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করার কথা তুলে ধরে হাই কমিশনার বলেন, “এটা কি দুর্ঘটনা, নাকি নাশকতা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
আহমেদ শফী বলেন, দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় যে এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে, সেটা রাজধানী প্রিটোরিয়া থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে। পরিস্থিতি জানতে দুর্ঘনাস্থলের দিকে রওনা হয়েছেন তিনি।
নিহত ওই ছয়জনের মধ্যে চারজনের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে। একজন বাড়ি পাশের ইউনিয়ন বক্তাবলীর এবং আরেকজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার।
আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এরা সবাই একে অপরের আত্মীয়। আমরা খবর শুনে খুবই শোকাহত।”
প্রিটোরিয়ায় বাংলাদেশ হাই কমিশন নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।