Published : 28 Mar 2026, 02:38 AM
বাংলাদেশি আলু চাষি ও রপ্তানিকারকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুললো। দীর্ঘ প্রতীক্ষার পর ভিয়েতনামের বাজারে আলু রপ্তানির আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ।
শুক্রবার ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির চূড়ান্ত অনুমোদন দেয়। হ্যানয়ে বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে তারা জানায়, ভিয়েতনামের আইন অনুযায়ী কোনো দেশ থেকে কৃষিপণ্য আমদানির আগে দেশটির কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে বিস্তারিত তথ্যসহ নিবন্ধন সম্পন্ন করতে হয়। সেই নিয়ম মেনে ২০২৫ সালের মে মাসে ভিয়েতনামে আলু রপ্তানির প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ।
হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় এই নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভিয়েতনাম সরকার বাংলাদেশের আলুকে আমদানির ‘যোগ্য’ হিসেবে ঘোষণা করে।
এ বিষয়ে ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “এটি বাংলাদেশের কৃষি খাতের জন্য একটি মাইলফলক। এই অনুমোদনের ফলে আমাদের আলু রপ্তানিকারকদের সামনে বিশাল এক সুযোগ তৈরি হলো। এর সরাসরি সুফল পাবেন আমাদের স্থানীয় কৃষকরা।”
তিনি আরও উল্লেখ করেন, “ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে নিয়মিত আলু রপ্তানি শুরু হলে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।”
দূতাবাস সূত্রে জানানো হয়েছে, আলুর পাশাপাশি অন্যান্য উদ্ভিদজাত পণ্য, বিশেষ করে তিল ভিয়েতনামে রপ্তানির প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে। আলুর এই সফল বাজার প্রবেশ বাংলাদেশের অন্যান্য কৃষিপণ্যের জন্য পথ সুগম করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
ভিয়েতনামের বাজারে বাংলাদেশি কৃষিপণ্যের প্রবেশাধিকার বাড়াতে দূতাবাস তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক তৎপরতা অব্যাহত রাখবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।