‘রাজনীতিতে মারামারি ফাটাফাটির দিন শেষ’
শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব এ কথা বলেন। এছাড়াও দেশের বিরাজমান পরিস্থিতি থেকে বের হয়ে আসতে প্রবাসীদের ভূমিকার কথাও বলেছেন তিনি।
অনুষ্ঠানে আ স ম রব বলেন “এই বাংলাদেশ আমরা চাইনি। চেয়েছি শোষণহীন গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের বাংলাদেশ। এখন দেশে যে অবস্থা বিরাজ করছে তা থেকে বের হয়ে আসার জন্য প্রবাসীদেরও বিরাট ভূমিকা রয়েছে।”
সাবেক এই মন্ত্রী আরও বলেন, “গতানুগতিক রাজনীতির দিন শেষ। গ্লোবাল চিন্তা চেতনার মধ্য দিয়ে নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা দেশ স্বাধীন করে দিয়েছি, বাকি কাজ নতুন প্রজন্ম সম্পন্ন করবে।
“এখন সময় হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধকে জাগ্রত রাখতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সজাগ করা এবং সুসংগঠিত করার। তথ্য-প্রযুক্তির ব্যবহারেই এ দায়িত্বটি পালন করতে পারেন শিক্ষিত রাজনীতিকরা। এ জন্যে মারামারি ফাটাফাটির প্রয়োজন নেই।”
জেএফকে এয়ারপোর্টে জেএসডি নেতা রবকে স্বাগত জানান প্রবাসী নেতারা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
অনুষ্ঠানে আরও অংশ নেন জেএসডি নেতা এম মোহসিন, সিরাজুল হক কামাল, আনোয়ার হোসেন, মোহাম্মদ জাকারিয়া, জাফর চৌধুরী, আসম আবদুর রবের তিনপুত্র সহ যুক্তরাষ্ট্র জেএসডির সভাপতি আনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামীম, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ তসলিম উদ্দিন খান।
চিকিৎসার জন্যে আসম রব সপরিবারে নিউইয়র্কে এসেছেন ১৬ জুলাই। মাসখানেক তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন জেএসডি নেতা মজিবর রহমান বিডিনিউজকে জানান।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
