ঈদ উদযাপনে যুক্তরাষ্ট্র প্রবাসীরা
মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উদযাপন করছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।
সৌদি আরবে বৃহস্পতিবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় তাদের সঙ্গে মিল রেখে শুক্রবার যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত হয়, বাংলাদেশে ঈদ হচ্ছে শনিবার।
আমেরিকার মুসলিমদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘ফিক কাউন্সিল অব নর্থ আমেরিকা’র পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে আড়াই হাজারেরও বেশি মসজিদে ঈদের জামায়াত আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ৮টায় নিউ ইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশিদের তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাদেশ মুসলিম সেন্টার অ্যান্ড জামে মসজিদে’ ঈদের জামাত হয়। বাংলাদেশিসহ প্রায় ৫ হাজার মুসলিম সেখানে নামাজ আদায় করেন।
সবচেয়ে বড় ঈদ জামায়াত হয় সকাল ৯টায় জ্যামাইকার মুসলিম সেন্টার মসজিদ সংলগ্ন খোলা মাঠে।
জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার মাঠে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ঈদ জামাত। প্রতি ঘণ্টায় ৫টি করে জামাত অনুষ্ঠিত হওয়ার কথা সেখানে।
নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়ার মতো অঞ্চলে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ বিরাজ করছে। বাংলাদেশি মালিকানাধীন দোকানগুলোতে জিনিসপত্রে বিশেষ মূল্যহ্রাসের ঘোষণা করা হয়।
বাংলাদেশ এবং ভারত থেকে ঈদ উপলক্ষ্যে চলতি ফ্যাশনের পোশাক আমদানি করা হয় এসব দোকানে।
এবার ঈদ এবং স্কুল-কলেজে গ্রীষ্মের ছুটি একই সময়ে চলায় অনেক প্রবাসী সপরিবারে ঈদ করছেন বাংলাদেশে।
প্রবাস জীবনের গল্প ও অভিজ্ঞতা এখন থেকে আমাদের সরাসরি জানাতে পারেন। পুরো নাম ও সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
