স্পেন প্রবাসীদের এমআরপি ‘দুশ্চিন্তা’
মেশিন রিডএবল পাসপোর্ট সংগ্রহের জন্য অনেক প্রবাসীকেই পাড়ি দিতে হচ্ছে লম্বা পথ।
স্পেনে প্রায় ৩০ হাজার বাংলাদেশি বসবাস করেন। রাজধানী মাদ্রিদে কয়েক হাজার বাংলাদেশি বাস করলেও স্পেনে প্রবাসীদের বড় একটি অংশই থাকেন বার্সেলোনা শহরে। এছাড়াও বিলবাও, ভ্যালেন্সিয়া ও মালাগার মতো বড় শহরগুলোতেও বসবাস করছেন বাংলাদেশিরা।
এই শহরগুলোর অবস্থান রাজধানী মাদ্রিদ থেকে বেশ দূরে। ফলে পাসপোর্ট সংগ্রহ করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের।মাদ্রিদ থেকে কিছু শহরের দূরত্ব হাজার কিলোমিটারেও বেশি।
বিলবাওয়ের ইরুন শহরের নাসির উদ্দিন গাজী পাসপোর্ট সংগ্রহের জন্য দূর পথ পাড়ি দিয়ে মাদ্রিদ দূতাবাসে এসেছেন। তিনি বলেন,“রাত জেগে মাদ্রিদ এসেছি। আমার ছোট বাচ্চাটির অনেক কষ্ট হয়েছে।”
বার্সেলোনার বখতিয়ার রহমান বলেন, “মাদ্রিদের পাশাপাশি অন্য বড় বড় শহরগুলোতে পাসপোর্টের জন্য বিশেষ ব্যবস্থা করার প্রয়োজন। এতে করে মানুষের দূর্ভোগ অনেক কমে যেত।”
আগামী ২৪ নভেম্বর থেকে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে আর ভ্রমণ করা যাবে না। এ কারণেই মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীরা পাসপোর্টের জন্য ভিড় করছেন। কেউ কেউ আবার এই সময়ের মধ্যে পাসপোর্ট পাবেন কি না সেই চিন্তায় আছেন।
মাদ্রিদে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো. সাখাওয়াৎ হোসেন অবশ্য বলেন, “গত ৩০ মার্চ থেকে মাদ্রিদে এমআরপি পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে।এই পর্যন্ত প্রায় দুই হাজার আবেদনকারীর হাতে আমরা পাসপোর্ট তুলে দিয়েছি।”
“নভেম্বরের মধ্যে সবাইকে পাসপোর্ট দিতে পারব বলে আশা করছি।”
ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরও বলেন, “আগামীতে বার্সেলোনায় বিশেষ ব্যবস্থায় এমআরপি দেওয়ার চিন্তা আছে আমাদের।”
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
