যুক্তরাষ্ট্রে দেশবিরোধী তৎপরতা রোখার অঙ্গীকার প্রবাসী নারীদের
যুক্তরাষ্ট্রে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা বাংলাদেশবিরোধী অপতৎপরতা চালাচ্ছে অভিযোগ করে তাদের রুখতে কাজ করার সংকল্প ব্যক্ত করেছেন একদল প্রবাসী নারী।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে ইফতার পূর্ব আলোচনা সভায় তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন।
‘যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের নারীদের উদ্যোগে’ লেখা ব্যানারে ওই সভার আয়োজন করেন আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মোর্শেদা জামান।
সভায় উপস্থিত সবাই বাংলাদেশে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করতে নিজের নিজের অবস্থান থেকে সাধ্যমত সহযোগিতার অঙ্গীকার করেন।
একাত্তরের পরাজিত শক্তি এবং পঁচাত্তরের ১৫ অগাস্টের ঘাতকরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেন আলোচকরা।
মোর্শেদা জামান বলেন, “নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বস্টনসহ বিভিন্ন স্থানে জামায়াত-শিবির এবং বিএনপির কিছু লোক সংঘবদ্ধ হয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের অপতৎপরতা চালাচ্ছে। বিপুল অর্থ ব্যয়ে ওরা মার্কিন কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্ট ও জাতিসংঘে দেন-দরবার করছে।
“এ অবস্থায় মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত নারীরা ঘরে বসে থাকতে পারে না। আমরা সকলে একযোগে জামায়াত-শিবির আর বিএনপির ষড়যন্ত্র মোকাবেলায় সোচ্চার থাকব।”
যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের ‘স্থবিরতা’ কাটিয়ে তুলতে কাজ করার ঘোষণা দেন তারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা আইরিন পারভীন, আওয়ামী লীগ নেত্রী সেলিনা মোমেন, শেফু রহমান, সেলিনা আজাদ, শুক্লা আহমেদ, লিলি আকতার, সোনিয়া বেগম, নুরুন্নাহার গিনি, কামরুন্নাহার চৌধুরী, তাহেরা বেগম, হোসনে আরা, রিফাত সুলতানা, লিলি বেগম, ইয়াসমীন আরা, কাজী লুনাসহ অনেকে ছিলেন।
ইফতারের আগে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুমকুম বেগম।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
