২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাফফার চৌধুরীর বক্তব্যের সমর্থনে ৩৮ যুক্তরাষ্ট্র প্রবাসীর বিবৃতি

জাতিসংঘে বাংলাদেশ মিশনে এক অনুষ্ঠানে কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরী ভাষা ও ধর্ম নিয়ে যে বক্তব্য দিয়েছেন তার সমর্থনে বিবৃতি দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ৩৮ জন যুক্তরাষ্ট্র প্রবাসী, যাদের অনেকে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 11:45 PM

Updated : 25 Apr 2022, 01:35 PM

একুশের গানের রচয়িতা গাফফার চৌধুরীর বক্তব্যের ভুল ব্যাখা করে দেশে ও প্রবাসে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির পাঁয়তারা চলছে তার সমালোচনা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল অপপ্রচার থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।

যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার ৩৮ জন প্রবাসী মঙ্গলবার এই বিবৃতি দেন।

বিবৃতিদাতাদের মধ্যে আছেন একুশে পদকপ্রাপ্ত কবি শহীদ কাদরী, নাট্যাভিনেতা জামালউদ্দিন হোসেন, নিউ জার্সীর প্লেইন্সবরো টাউনশিপের নির্বাচিত কাউন্সিলম্যান ও মুক্তিযোদ্ধা ড. নূরন্নবী, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ড. এম এ বাতেন, প্রবীন সাংবদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ, বিজ্ঞানী ড. জিনাত নবী, ড. নাহিদ বানু, অধ্যাপক ড. সৈয়দ হাসান মামুন, কলামনিস্ট বেলাল বেগ, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী, সাপ্তাহিক বাঙালির সম্পাদক কৌশিক আহমেদ, সাংবাদিক মাহবুবুর রহমান, চলচ্চিত্র পরিচালক কবির আনোয়ার, চিকিৎসক ড. ওয়ালেদ চৌধুরী, কম্পিউটর বিজ্ঞানী ড. মুহম্মদ আব্দুল্লাহ, অধ্যাপক ড. মুশতাক এলাহি, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সউদ চৌধরী, ঝর্ণা চৌধুরী, সাংবাদিক শরিফ শাহাবউদ্দিন, নিনি ওয়াহেদ, সাংস্কৃতিক সংগঠক লুৎফুন্নাহার লতা, কবি ও শিক্ষক নাজনীন সাইমন, অভিনেত্রী রওশন আরা হোসেন, ব্যবসায়ী শরাফ সরকার এবং জাকারিয়া চৌধুরী, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা তাফাজ্জল করিম, কণ্ঠশিল্পী শহীদ হাসান, তাহমিনা শহীদ, বিজ্ঞানী ড. আশরাফুজ্জামান, আইনজীবী মোর্শেদা জামান প্রমুখ।

বিবৃতিতে বলা হয়, “৩ জুলাই বাংলাদেশ মিশনে আমাদের মধ্যে অনেকেই ছিলাম।গাফফার চৌধুরীর একাডেমিক বক্তব্য আমরা শুনেছি। তিনি কখনোই আল্লাহতা’লা এবং আমাদের প্রিয়নবীর অমর্যাদা হয় এমন কোন কথা বলেননি। এতদসত্বেও চিহ্নিত একটি মহল উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে যে, গাফফার চৌধুরী নাকি ইসলাম ধর্ম এবং হযরত মুহম্মদ (স:) সম্পর্কে কটূক্তি করেছেন। এ ধরনের অপপ্রচারের মধ্য দিয়ে মহলটি ধর্মপ্রাণ মানুষদের ক্ষেপিয়ে তোলার জঘন্য প্রক্রিয়া চালাচ্ছে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, ধর্মীয় চরমপন্থিরা সারাবিশ্বেই নানা অপকর্মে লিপ্ত, এমনকি তারা স্বধর্মীয় লোকদেরকে হত্যা করতেও পিছপা হচ্ছে না। আইএস এবং বোকো হারামের মত নৃশংসতায় পারদর্শী এরা। ধর্মের নামে এরা সবকিছু করছে।

বিবৃতিতে আরও বলা হয়, “বাংলাদেশি হিসেবে এ শ্রেণির ব্যক্তিদের জঘন্য কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানি। এরা এবং এদের পূর্বসূরিরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ধর্মের দোহাই দিয়ে ৩০ লাখ বাঙালি হত্যা আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানি করেছে। একাত্তরের সেই সব হায়েনার বিচার চলছে এখন বাংলাদেশে। মানবতাবিরোধী অপরাধীদের বিচারের পক্ষে বিশ্বব্যাপী জনমত সোচ্চার করতে কলামনিস্ট আবদুল গাফফার চৌধুরীর বলিষ্ঠ ভূমিকায় আগে থেকেই ক্ষিপ্ত ছিল মহলটি। লন্ডন থেকে ৮১ বছর বয়সী আবদুল গাফফার চৌধুরী নিউ ইয়র্কে আসায় দুষ্ট চক্রটি সুযোগ পেয়েছে অযথা তার বিরুদ্ধে মাঠে নামার।”

বিবৃতিতে এ ধরনের ধর্মীয় উন্মাদনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়েছে।

“ধর্মের দোহাই দিয়ে মিথ্যাচার করে শান্তিপ্রিয় কম্যুনিটিতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ আমেরিকার আইনে নেই,” বলা হয়েছে এতে।

বিবৃতিতে গাফফার চৌধুরীর বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলা হয়, “আমরা এহেন অপতৎপরতার নিন্দা জানাচ্ছি এবং সামাজিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাকারীদের কঠোর হাতে দমনের আহবান জানাচ্ছি।”

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়   probash@bdnews24.com

পুরনো খবর:

নিউ ইয়র্কে গাফফার চৌধুরীর সমাবেশে বাধা