যুক্তরাষ্ট্রে ‘বঙ্গ সম্মেলনে’ অংশ নিচ্ছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ‘বঙ্গ সম্মেলন’ হিসাবে পরিচিতি পাওয়া নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ, যেখানে প্রথমবারের মতো বাংলাদেশের কয়েকটি স্টলও থাকবে।
মূলত ভারতীয় বাঙালিদের আয়োজনের এই সম্মেলনে বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির বাংলাদেশ নির্বাহী সামসুল আরেফিন।
তিনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুইজন মন্ত্রী যাচ্ছেন, তিনজন যেতে পারেন। রাশেদ খান মেনন যাচ্ছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাচ্ছেন, জুনাইদ আহমদ পলক যাওয়ার কথা। উনাদের সেক্রেটারিদেরও যাওয়ার কথা।”
তবে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা এই সম্মেলনে যাচ্ছেন না।
শামসুল আরেফিন বলেন, রিহ্যাব, বেসিস ও পর্যটন কর্পোরেশন সম্মেলনে যাচ্ছে। শিল্পীদের মধ্যে নাসির উদ্দিন ইউসুফ যাচ্ছেন। তার নির্মিত চলচ্চিত্র ‘গেরিলা’ দেখানো হবে সেখানে।
“বিনোদিনী যাচ্ছে, বিনোদিনী নাটক হবে, শফী মণ্ডল যাচ্ছে গানে, কবিতায় হাসান আরিফ, রবীন্দ্র সংগীতে অদিতি মহসিন, সাহিত্যে সেলিনা হোসেন এবং স্বপ্নীল সজীব যাচ্ছেন।”
বঙ্গ সম্মেলনে যাচ্ছেন কি না জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, “হ্যাঁ, আমি যাচ্ছি।
“এটা ব্যক্তিগতও না, আবার সরকারিও না। আমাদের তরফ থেকে আমরা যাচ্ছি। সেখানে পর্যটনের একটা স্টল হবে। সরকারি প্রতিনিধি দল হয় না। পর্যটন মন্ত্রণালয় থেকে আমরা অংশগ্রহণ করছি।
“আগে এখান থেকে বুদ্ধিজীবীদের দাওয়াত করে নিয়ে যেত। এবার বাংলাদেশ কোস্পন্সরও বটে। বাংলাদেশের একটা কমিউনিটি আছে, তারা করছে।”
আগামী ১০-১২ জুলাই টেক্সাসের হিউস্টন সিটিতে এই সম্মেলন হওয়ার কথা রয়েছে। মূলত ভারতীয় বাঙালিরাই এই সম্মেলন আয়োজন করে থাকেন।
উত্তর আমেরিকায় বাংলাদেশিরা ফোবানার বাংলাদেশ সম্মেলনের আয়োজন করে থাকেন। এবছর ৪ সেপ্টেম্বর থেকে তিন দিন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা-ফোবানার ২৯তম বাংলাদেশ সম্মেলন হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অধ্যাপক জাফর ইকবাল এবারের সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
