‘যুদ্ধাপরাধীদের দোসররা যুক্তরাষ্ট্রে ষড়যন্ত্রে’
বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধের বিচার বানচালে একাত্তরের ঘাতকদের সহযোগীরা যুক্তরাষ্ট্রে ‘ষড়যন্ত্র’ করছে অভিযোগ করে এর বিরুদ্ধে সোচ্চার হতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্লোরিডা স্টেট যুবলীগের সভাপতি সঞ্জয় সাহা।
গত ২১ জুন রাতে মায়ামিতে এক সমাবেশ তিনি বলেন, “কাড়ি কাড়ি ডলার ব্যয়ে একাত্তরের ঘাতকদের লোকজন মার্কিন কংগ্রেসসহ ওবামা প্রশাসনের গুরুত্বপূর্ণ লোকজনদেরকে নিয়ে বাংলাদেশে চলমান যুদ্ধাপরাধীদের বিচার ব্যাহত করার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।”
তাদের এ ‘তৎপরতার’ বিরুদ্ধে রুখে দাঁড়াতে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “দুঃখজনক হলেও সত্য, এহেন অপতৎপরতায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেরও কোন কোন পর্যায়ের লোকজন জড়িয়ে পড়েছেন। তবে ফ্লোরিডায় রাজাকারের অর্থে মদদপুষ্টদের কোন ঠাঁই হবে না।”
সমাবেশে অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খান, যুবলীগ নেতা আকতারুজ্জামান, আলী আক্কাস, মঞ্জুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন তারা।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, ওয়াশিংটন মেট্রো, জর্জিয়া, মিশিগান, ফ্লোরিডা, নিউ ইয়র্ক প্রভৃতি স্টেটে যুবলীগের নতুন কমিটি হয়েছে এবং ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ইলিনয়, পেনসিলভেনিয়া, ম্যাসাচুসেটস, কানেটিকাট প্রভৃতি স্টেটেও সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে সমাবেশ থেকে জানানো হয়।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
