২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেরি বাগানে বনভোজন, মিলল গোলাপের আভাও

বনভোজনের নাম শুনলেই মনটা কেমন নেচে উঠে! স্কুল, কলেজে বা বিশ্ববিদ্যলয়ে বনভোজন ছিল দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের উপলক্ষ। সুদূর প্রবাসেও এর আমেজ কম নয়, যার প্রমাণ যেন মিলল গত ১৪ জুন জাপানে প্রবাসী বাংলাদেশিদের বনভোজনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেরদৌস আরা, জাপানের সেন্দাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 11:42 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

কর্মব্যস্ত জীবনের মাঝে সেন্দাইয়ের ‘সাবাশ বাংলাদেশ’ পরিবারের ৪০ জনের একটি দল বনভোজন উপলক্ষে সেদিন যাওয়া হয় ইয়ামাগাতায়। উদ্দেশ্যটা সত্যিই ‘বনেভোজন’ নাকি ‘বনকেই ভোজন’ ছিল সে বিষয়ে সংশয় ছিল অনেকের। কারণ বনভোজনের জন্য স্থান ঠিক করা হয় ‘চেরি ফলের বাগান’। হাসি ঠাট্টার পরিবেশে দু/তিন ঘণ্টাব্যাপী ছিল ‘বিরতিহীন’ চেরি ফল খাওয়ার উৎসব।

গ্রীষ্মের তপ্ত দুপুরে গাছ থেকে পেড়ে টসটসে রসালো ফলগুলো মুখে পুরার অনুভূতির সঙ্গে বাজারে পাওয়া চেরি ফলের স্বাদ কোনোভাবেই তুলনা করা যায় ন। তখন বার বার মনে পড়ছিল কবির সেই কথা-‘উদ্যানলতা যেন আজ বনলতার নিকট পরাজিত হইল’।

শিশুদের উচ্ছ্বাস ছিল দেখার মত, হাত দিয়ে না ধরে সরাসরি গাছ থেকেই মুখে পুরে দিচ্ছিল ফলগুলো। কেউ কেউ আবার নাগাল না পেলে চেপে বসছিল বাবা/বা মায়ের কাঁধে। আর খাওয়ার ফাঁকে ফাঁকে বাগানজুড়ে ছোটাছুটি। মনোমুগ্ধকর কয়েকটি ঘণ্টা এভাবে কখন কেটে যায় টেরই পাওয়া গেল না!

চেরি বাগানের অল্প দূরেই ছিল গোলাপ বাগান। সবাই মিলে হানা দেওয়া হয় সেখানেও, যেখানে অপেক্ষা করছিল অপার সৌন্দর্যের চমক। এত জাতের গোলাপ হতে পারে, আর এত রূপের বাহার, যেন কল্পনাতীত! তাই সেখানে ছবি তোলা হয় বেশি বেশি।

বাসা থেকে নিয়ে যাওয়া রকমারি খাবারের আয়োজনে মধ্যাহ্নভোজনটাও গোলাপ বাগানেই সেরে নেওয়া হয়। লেকে নৌকাভ্রমণ আর ঝর্ণার জলের শীতলতায় মনটা যখন প্রশান্তিতে ভরে উঠেছিল, ততক্ষণে বেলা পড়ে এল। অবশেষে পরবর্তী কর্মচঞ্চল দিনগুলোর জন্য মনের মধ্যে নতুন প্রাণশক্তি নিয়ে ফিরে এলাম সবাই আপন নীড়ে।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com