২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মুক্তিযুদ্ধের ইতিহাসে নেই জনতার বীরত্বগাথা’

সশস্ত্র লড়াইয়ে মুক্তিকামী জনতার বীরত্বগাথা মুক্তিযুদ্ধের গতানুগতিক ইতিহাসে ঠাঁই পায়নি বলে মন্তব্য করেছেন গেরিলা মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কানাডা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 03:38 PM

Updated : 12 Oct 2022, 03:54 PM

তিনি বলেছেন, “লড়াইয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ২৫ থেকে ৩০ হাজার ছিল নিয়মিত বাহিনীর সদস্য, যাদের মধ্যে সেনাবাহিনী, পুলিশ, বিডিআর ও আধা-সামরিক বাহিনীর সদস্য ছিল। বাকী এক থেকে দেড় লাখ ছিল গণবাহিনী তথা সাধারণ মানুষ।

“অথচ আজ মুক্তিযুদ্ধের যে ইতিহাসের বয়ান করা হয়, তাতে এই সাধারণ জনগোষ্ঠীর বীরত্বগাথা অনুপস্থিত।”

রোববার টরন্টোরতে মুক্তিযুদ্ধ বিষয়ে নিজের লেখা দুটি বই নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন ক্যান্সারে আক্রান্ত এই বীর মুক্তিযোদ্ধা।

বর্তমানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর যে সব বই পাওয়া যায় তার অধিকাংশই সামরিক কর্মকর্তা বা এলিট শ্রেণির লোকদের লেখা বলে মন্তব্য করেন মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, কানাডার আহ্বায়ক জহিরুল।

“ফলে এসব বইয়ে তাদের কথাই বিবৃত হয়েছে। সাধারণ জনমানুষের বীরত্বের উপাখ্যান তেমন একটা এসব বইয়ে খুজেঁ পাওয়া যায় না।”

মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে কৃষি বিজ্ঞানী জহিরুল বলেন, “আপনারা যারা এখনো জীবিত আছেন, তারা নিজেদের কথা লিখে যান। সেটিই ইতিহাসের অংশ হয়ে থাকবে।”

টরন্টোর বাংলা টাউন ড্যানফোর্থের বাংলাদেশ সেন্টারে আয়োজিত ড. জহিরুল ইসলামের ‘একাত্তরের গেরিলা’ ও ‘মুক্তিযুদ্ধে মেজর হায়দার ও তাঁর বিয়োগান্ত বিদায়’ বই দুটি নিয়ে আলোচনা হয়।

বিশিষ্ট শিক্ষাবিদ ড. গোপেশ মালাকারের সভাপতিত্বে ও লেখক-গবেষক সুব্রত কুমার দাসের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের   মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ গবেষক তাজুল মোহাম্মদ, কৃষিবিদ ড.অরুনেন্দ্র ভৌমিক, মুক্তিযোদ্ধা ও লেখক সাইফুল আলম চৌধুরী, সাংবাদিক মোশাররফ হোসেন, ড. সোহেল সাইফ, সাংবাদিক শওগাত আলী সাগর, মুক্তিযোদ্ধা নাজমুল হোসেন মনা, এ বি এম বশির আহমেদ ও মহিবুল ইসলাম।

অনুষ্ঠান শেষে এই বীর মুক্তিযোদ্ধার ভক্ত-শুভার্থীরা তার বাসভবনে গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com