নিউ ইয়র্কে ইফতারে বাংলাদেশে শান্তি-সমৃদ্ধি কামনা
ইফতার উপলক্ষে শনিবার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সমবেত হয়েছিলেন নিউ ইয়র্ক প্রবাসীরা।
ফেনী জেলা সমিতি ইফতার পার্টির আয়োজন করলেও বাংলাদেশের সব এলাকার প্রবাসীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-পেশাজীবী সংগঠনের নেতারা এতে অংশ নেন। রোজাদার নারী-পুরুষে পূর্ণ হয়ে ওঠে পালকি পার্টি সেন্টার।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আজমল হোসেন কুনু, কম্যুনিটি লিডার ফখরুল আলম, জয়নাল আবেদীন, আব্দুর রব, বেলাল মাহমুদ, রফিক পাটোয়ারি, কামালউদ্দিন, সাইদুর রহমান সাঈদ, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুবনেতা এম এ বাতিন, জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ আহমেদ প্রমুখ ছিলেন অতিথি হিসেবে।
আয়োজক সংগঠনের সভাপতি জসীম উদ্দিন ভূঁইয়া সবাইকে স্বাগত জানান। কোরআন থেকে তেলাওয়াতের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান। মোনাজাতে বাংলাদেশে শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তিনি।
ইফতারির দোকান জ্যাকসন হাইটসের খাবার বাড়িতে। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
ইফতারের আগে দোয়া। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নিউ ইয়র্ক ছাড়াও নিউ জার্সী, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান প্রভৃতি স্টেটেও প্রবাসী বাংলাদেশিরা ইফতার পার্টিতে মিলিত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালিত আড়াই শতাধিক মসজিদে মুসল্লিদের ইফতার দেওয়া হচ্ছে।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
