প্রবাস জীবনে খাবার বিড়ম্বনা
বিদেশ শব্দটা শুনলেই অজানা ‘উন্নত’ জীবনের কল্পনায় সবার চোখটা কেমন যেন স্বপ্নীল হয়ে উঠে! সেই সঙ্গে দুশ্চিন্তাও যেন পাল্লা দিয়ে ছুটে চলে। তবে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ যে ‘খাবার’ তা আমার মত ভুক্তভোগীরা ভালোই বলতে পারবেন।
যখনই দেশের কারও সঙ্গে কথা হয়, প্রথম কথাই যেন থাকে- “কী খাও ওখানে, বাঙালি খাবার পাওয়া যায়?” ভোজনরসিক বাঙালির কথায় কথায় খাবারের গন্ধ থাকবে সে আর অস্বাভাবিক কী!
কিন্তু সুদূর প্রবাস জীবনে বেশিরভাগ সময়ে স্বাভাবিকভাবেই ভোজনটা যে রসের হয়ে উঠে না সেটা বোধহয় আঁচ করাই যায়।
প্রথমত, দেশের বাইরে দেশি খাবার পাওয়া যায় না। দৈনন্দিন জীবনের খাদ্যাভাস পাল্টানো রাতে জেগে দিনে ঘুমানোর মতই কঠিন হয়ে দাঁড়ায়।
দ্বিতীয়ত, যে কোনো উৎসব বা অনুষ্ঠানে বাঙালিরা যে ধরনের শাহী খাবার খেয়ে অভ্যস্ত, প্রবাস জীবনে সেটা প্রায় দুর্লভ। কিছু কিছু ভারতীয় রেস্তোরাঁয় আকাশচুম্বী দামে যা পাওয়া যায় সেগুলো দুধের সাধ ঘোলে মেটানোর মতই ঠেকে।
এতসব প্রতিবন্ধকতা আর খাবারের অপ্রতুলতার কারণে প্রবাস জীবনের শুরুর সময়টা খেয়ে না খেয়েই কেটে যায় অনেক সময়।
যে ছেলেটা ঘরে ফিরেই ‘মা ভাত দাও’ বলে চিৎকার করত, কিংবা ভাত দিতে একটুখানি দেরি হলেই সারা বাড়ি মাথায় তুলত, সে হয়ত কখনও কখনও ঘরে ফিরে ক্ষুধা পেটে বালিশ চেপে ঘুমিয়ে পড়ে। যে মেয়েটার প্রতিদিন ক্যাম্পাসে বন্ধুদের সাথে ফুচকা-চটপটি না হলে চলত না, সেও মাঝে মধ্যেই প্রবাস জীবনে এক বাটি স্যুপ খেয়ে দিন পার করে দেয়।
তারপরও জীবন এগিয়ে চলে। ধীরে ধীরে কঠিন সব বাস্তবতার সঙ্গে টিকে থাকার জন্য প্রতিকূল পরিবেশেও মানিয়ে নেওয়া হয়। কখনও কখনও হয়তবা চোখের নোনাজল আটকে দাঁতে দাঁত চেপে মায়ের আবেগভরা প্রশ্নের উত্তরে বলে যেতে হয়, “ভালো আছি মা, খুব ভালো আছি।”
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
