২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতদরিদ্রদের উন্নয়নে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগ

বাংলাদেশের হতদরিদ্র মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করার লক্ষ্যে একটি উদ্যোগ নিয়েছেন একদল যুক্তরাষ্ট্র প্রবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2015, 07:18 PM

Updated : 12 Oct 2022, 03:50 PM

এ লক্ষ্যে ‘হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স’ নামে একটি সেবামূলক সংগঠন গড়ে তুলেছেন তারা। গত ৩০ মে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটের রাজধানী স্যাক্রেমেন্টোর কাছের শহর ডেভিসের হারপার জুনিয়র হাই স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

অজ্ঞতা ও কুসংস্কার দূর করে মানুষ যাতে দারিদ্র্য ও রোগমুক্ত ভবিষ্যতের দিকে পা বাড়াতে পারেন, একটি দূষণমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলতে পারেন-সেই লক্ষ্যে সংগঠনের আত্মপ্রকাশ বলে সংগঠকরা জানান।

ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি অব ডেভিসের সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে খ্যাতনামা একটি কোম্পানির গবেষণা ও উন্নয়ন পরিচালক পদে কর্মরত ড. শেখ সেলিমকে ‘হিউম্যানিটি বিয়ন্ড ব্যারিয়ার্স’র সভাপতি করা হয়েছে।

তিনি বলেন, “আমি বিগত ১০ বছর ধরে এমন একটি সেবামূলক প্রতিষ্ঠান গঠনের লক্ষ্যে এর কাঠামো পরিকল্পনা ও অন্যান্য সাংগঠনিক মৌলিক বিষয় নিয়ে কাজ করছিলাম এবং প্রবাসী কম্যুনিটির সভা-সমাবেশেও সে বিষয়ে আলোচনা করেছি। আমার সে স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। আমি আজ অনেকটাই সফল, কারণ এই সমাজের অনেকে আমার স্বপ্নের সাথী হলেন।”

ড. সেলিম বলেন, “আমি নিজে এবং আরও অনেকেই বাংলাদেশ থেকে জনগণের ট্যাক্সের অর্থে পরিচালিত পাবলিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নিয়ে এখানে প্রতিষ্ঠিত হওয়ার পথ পেয়েছি। অথচ তার বিনিময়ে আমার দেশের মানুষের জন্য কী করতে পারলাম? মূলত এ তাড়নাই এ সংস্থাটি গঠনে আমাকে উদ্বুদ্ধ করেছে।”

‘আমরা যা পাই তাই দিয়ে বেঁচে থাকি, আমরা যা দিই তাই দিয়ে জীবন গড়ি’ মন্ত্রে উজ্জীবিত সংগঠনের আত্মপ্রকাশের অনুষ্ঠান শুরু হয় প্রকৌশলী সিরাজুল চৌধুরী এবং প্রকৌশলী সায়েমা শহীদ চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে।

এরপর নবগঠিত এ সংগঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন পরিচালনা পরিষদের সদস্য ও কোষাধ্যক্ষ প্রকৌশলী এম আর খন্দকার, সাধারণ সম্পাদক প্রকৌশলী আকীম কবির, পরিচালক ডা. হালিমা করিম, প্রকৌশলী জাওদাত রহমান, অধ্যাপক রেইমন্ড রডরিগেজ ও অধ্যাপক জিম কালার।

স্যাক্রেমেন্টো, ডেভিস, বে-এরিয়া, বার্কলে এবং সান ফ্রান্সিসকো থেকে ২০০ জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নিয়ে সংগঠনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশিরাও ছাড়াও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, ডেভিসের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। ডেভিস শহরের মেয়র ডেন ওয়াক তার পাঠানো বক্তব্যে মানবসেবার ব্রত নিয়ে গঠিত এ সংস্থার সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

যৌথ উদ্যোগে কাজের জন্য এরইমধ্যে ‘ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া গ্লোবাল হেলথ শেয়ার ইনিশিয়েটিভ’র সঙ্গে চুক্তি করেছে ‘হিউম্যানিটি বিয়োন্ড ব্যারিয়ার্স’। 

আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাও ছিল অনুষ্ঠানে। শিল্পী নন্দিতা ইয়াসমিনের কণ্ঠে রবীন্দ্র সংগীত উপভোগ করেন আগতরা।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায়  probash@bdnews24.com