নিউ ইয়র্কে তসলিমার বাড়ি কিনতে তহবিল সংগ্রহ
জঙ্গি গোষ্ঠীর হুমকির মুখে নয়া দিল্লি থেকে যুক্তরাষ্ট্রে আসা বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের জন্য বাড়ি কিনতে তহবিল সংগ্রহ শুরু করেছে ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সেন্টার ফর ইনকোয়ারি’।
এই সংস্থার সহায়তায় গত ৩১ মে যুক্তরাষ্ট্রে আসেন তসলিমা। গত শুক্রবার প্রকাশিত তাদের অর্ধ-সাপ্তাহিক নিউজ লেটারে ‘তসলিমা নাসরিনকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন এবং মুক্তচিন্তার লোকজনের জন্যে জরুরি তহবিল’ সম্পর্কে বলা হয়েছে।
ইতোমধ্যেই এই তহবিলে ৩৮ হাজার ডলার জমা হয়েছে জানিয়ে এতে বলা হয়, “তসলিমার জন্যে একটি বাড়ি কিনতে এ অর্থ পর্যাপ্ত নয়, আরও অর্থ প্রয়োজন।
“তসলিমার বাড়ি কেনার পর উদ্বৃত্ত অর্থ বাংলাদেশের আর কোন মুক্তচিন্তার মানুষ এমন বিপদে পড়লে তাদের জন্যে ব্যয় করা হবে।”
সেন্টার ফর ইনকোয়ারির পক্ষ থেকে তসলিমার জন্যে একটি চাকরির ব্যবস্থাও করা হয়েছে বলে জানানো হয়েছে।
তসলিমা এখন ওয়াশিংটন ডিসির পাশের একটি শহরে অবস্থান করছেন। তার বোন ও ভাই থাকেন নিউ ইয়র্কে।
বাংলাদেশের নির্বাসিত এই লেখকের কয়েক ঘনিষ্ঠজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজের দেশ কিংবা ভারতে ফেরার মত পরিস্থিতি না হওয়া পর্যন্ত নিউ ইয়র্কেই থাকার ইচ্ছা তসলিমার।
প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com
