২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চেরিতে রঙিন জাপানি বসন্ত

জাপানে এসেছি গত বছরের সেপ্টেম্বরে। এসেই পড়েছিলাম শীতের তোপের মুখে। ভিন্ন দেশ, ভাষা, সংস্কৃতি তার উপর আবার প্রতিকূল আবহাওয়া, সব মিলিয়ে শীতকাতুরে আমার জন্য পুরোটা মড়ার উপর খাড়ার ঘার মতোই ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেরদৌস আরা, জাপানের সেন্দাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2015, 06:49 PM

Updated : 12 Oct 2022, 03:44 PM

বহুস্তরের গরম কাপড়ের ভিতরে থেকে থেকে শরীরের মত মনটাও কেমন জবুথবু হয়ে যাচ্ছিল ক্রমেই। বরফে ঢাকা প্রকৃতি মাঝে মাঝে বৈচিত্র্যের স্বাদ এনে দিলেও ধীরে ধীরে মনটা ধুলোবালি মাখা বসন্ত বাতাসে উড়ে বেড়ানোর জন্য অস্থির হয়ে উঠছিল।

অপেক্ষার প্রহর শেষে এপ্রিল বসন্ত নিয়ে এল ঠিকই, কিন্তু সেই বসন্তে আমাদের বাংলাদেশের মতো কোকিলের ডাক নেই, পলাশ-শিমুল নেই, নেই কোনো কৃষ্ণচূড়াও। এতসব নেই এর মাঝে বসন্তকে যেন চেনাই যাচ্ছিল না।

ঠিক সেই সময়টায় যেন ‘নাটোরের বনলতা সেনে’র মত এই দূরদেশে ‘দুদণ্ড শান্তি’ নিয়ে এল চেরি ফুল। যে গাছগুলোকে সারা বছর ডালপাতা নিয়ে সাধারণের মত দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সেগুলোই যেন অপরূপ সৌন্দর্য নিয়ে মাথা তুলে দাঁড়ায় এপ্রিলের এই কয়েকটা দিন।

শীতের শেষে পাতাঝরা গাছগুলোতে দেখা যায় শুধু ফুল আর ফুল; প্রথমে থাকে সাদা, কয়েকদিন পরেই সেগুলো হলুদ হয়, আর শেষে গোলাপী হয়ে ঝরে পড়ে। পৃথিবীর সব সৌন্দর্য নিয়ে যেন জাপানকে অপরূপ স্নিগ্ধতায় ভরিয়ে তোলে ‘ক্ষণজন্মা’ এই ফুলগুলো।

“বাহারি ফুলের সারিতে কিছু দিনের জন্য হলেও মাথার উপরের আকাশটাই যেন ছোট হয়ে আসে!”

চেরি গাছের জাপানি নাম ‘সাকোরা’। এই চেরি ফোটা উপলক্ষে জাপানিরা সাকুরা গাছের নিচে এ সময়টায় একটা পার্টির আয়োজন করে, যার নাম ‘হানামি পার্টি’। দুপুর রোদে গাছের ছায়ায় সবাই মিলে বারবিকিউসহ পার্টিতে মেতে উঠে, কেউ বা পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুদের সঙ্গে।

ভরদুপুরে নীল আকাশ ঘেরা সাদা-হলুদ-গোলাপী বাহারি ফুলগুলোর নিচে দাঁড়িয়ে কাটানো সময়গুলোতে যখন মনে অসাধারণ প্রশান্তি আসে, তখন কিছুক্ষণের জন্যে হলেও মনে হয় ‘ভালোই আছি’।

প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন থেকে সরাসরি আমাদেরকে জানাতে পারেন। পুরো নাম, ঠিকানা ও ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই ঠিকানায় probash@bdnews24.com