২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২২ মে থেকে নিউ ইয়র্কে বাংলা উৎসব ও বইমেলা

আগামী ২২, ২৩ ও ২৪ মে নিউ ইয়র্কে তিনদিনব্যাপী ‘প্রাইম ব্যাংক আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা’ অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2015, 10:46 PM

Updated : 22 Aug 2022, 12:04 PM

শনিবার উৎসবের প্রস্তুতি কমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয় বলে বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয়।

নিউ ইয়র্কের এই বইমেলা নিয়ে ঢাকার প্রকাশকদের বিরোধিতা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন আয়োজকরা। 

প্রস্তুতি কমিটির আহ্বায়ক ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বলেন, এই উৎসব উত্তর আমেরিকা প্রবাসী বাঙালিদের শুধু নয়, বহির্বিশ্বের সব বাঙালির গৌরবের মহামিলন মেলা।

নিউ ইয়র্কের এই বইমেলা নিয়ে ঢাকাস্থ জ্ঞান ও সৃজনশীল বই প্রকাশক সমিতির নেতাদের বিরোধিতার বিষয়ে তিনি বলেন, “বাংলাদেশের একজন প্রকাশক তার ব্যক্তি আক্রোশ চরিতার্থ করার জন্য সমিতিকে ব্যবহার করছেন।

“কোনো সৃজনশীল প্রকাশনা সংস্থা আরেকটি বইমেলাকে ধ্বংস করার জন্য বিবৃতি দিতে পারে না। উৎসবে যোগ না দেওয়ার জন্য, অতিথিদের না আসার জন্য চিঠি দিতে পারে না। বইমেলার স্পন্সর বাতিল করার জন্য চিঠি দিতে পারে না।”

বরাবরের মতো এবারও বাংলাদেশ থেকেও বিভিন্ন প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নেবেন বলে জানান রোকেয়া।

মুক্তধারা ফাউন্ডেশন নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, “২৪ বছর ধরে বাংলাদেশের সংস্কৃতি উত্তর আমেরিকায় গৌরবের সঙ্গে তুলে ধরছে মুক্তধারা ফাউন্ডেশন। তাদের দেশাত্মবোধ নিয়ে প্রশ্ন করতেও এরা দ্বিধাবোধ করেনি।”

মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিৎ সাহা, জিয়াউদ্দীন আহমেদ, হাসান ফেরদৌস নাসিমুন, সউদ চৌধুরী বৈঠকে ছিলেন।