২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদ যুক্তরাজ্যে

বিএনপি জোটের চলমান অবরোধে বাংলাদেশে গাড়িতে পেট্রোল বোমা ছুড়ে পুড়িয়ে মানুষ হত্যার প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যে বিভিন্ন দল ও সংগঠনের একটি জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 12:20 AM

Updated : 22 Aug 2022, 11:41 AM

সোমবার লন্ডনের স্থানীয় সময় বেলা ২টায় আলতাব আলী পার্কের সামনে সমাবেশের আয়োজন করে ‘ইউকে অল পার্টি অ্যালায়েন্স অ্যাগেইনস্ট ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম ইন বাংলাদেশ’।

মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তিরা সহিংসতাবিরোধী এই সমাবেশে যোগ দেন।

এর আগে সহিংসতা, সন্ত্রাস, পেট্রোল বোমা হামলা ও নিরপরাধ মানুষ হত্যার প্রতিবাদে একটি মিছিলে অংশ নেন তারা।

অ্যালায়েন্সের নেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কঠোর বার্তা দিতে চাই, নিরপরাধ মানুষ হত্যা ও সহিংসতাকে না বলুন। ”

তিনি বলেন, তারেক রহমানকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে পাঠাতে আমরা ব্রিটিশ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই। এই সব সাম্প্রতিক হত্যাকাণ্ড ও বাংলাদেশের জনগণের ভোগান্তির জন্য তিনিই দায়ী।

বক্তারা সহিংসতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি জানান।