সুচিত্রা সেনের নামে পাবনায় ছাত্রী নিবাস দাবী
পাবনায় সুচিত্রা সেনের নামে একটি ছাত্রীনিবাস নির্মাণের দাবি জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসীরা।
শনিবার কিংবদন্তির মহানায়িকা সুচিত্রা সেনের স্মরণে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।
সুচিত্রা সেন মেমোরিয়াল ইউএসএর আয়োজনে সকাল ১০টায় তার অভিনীত ছবিগুলোর বিখ্যাত গান লাউডস্পিকারে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
তার মহাপ্রয়ান দিবস উপলক্ষে মুক্তধারায় তার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, তার অভিনীত কালজয়ী চলচ্চিত্র ও তার ওপর প্রকাশিত অর্ধশতাধিক গ্রন্থের প্রদর্শনী হয়।।
এর আগে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পুরস্কারপ্রাপ্ত নাট্যজন জামালউদ্দীন হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নাসিমুন নাহার নিনি, বিশ্বজিত সাহা, ফাহিম রেজা নূর, সুব্রত বিশ্বাস, ওবায়দুল্লা মামুন, তালুকদার মোহাম্মদ রতন, শিবলী সাদেক ও আনোয়ার উদ্দিন প্রদীপ জ্বালিয়ে মহানায়িকাকে শ্রদ্ধা জানান।
আয়োজক সংগঠনের সদস্য সচিব গোপাল সান্যাল পাবনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা পাবনা মেডিকেল কলেজের যেকোনো একটি ছাত্রীবাসের নামকরণ সুচিত্রা সেনের নামে করার দাবি জানান।
