ভুয়া বিবৃতি: খালেদা-তারেককে ক্ষমা চাওয়ার আহ্বান
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের ভুয়া বিবৃতি প্রকাশের জন্য ক্ষমা চাইতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের ১৩টি সংগঠন।
যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদসহ ১৩ সংগঠনের সম্মিলিত এই সংবাদ সম্মেলন থেকে বিএনপিকে জ্বালাও-পোড়াও এবং জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার আহ্বানও জানানো হয়।
রোববার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের সভাপতি প্রদীপ রঞ্জন কর।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মুর্শেদা জামান, যুক্তরাষ্ট্র পেশাজীবী সমন্বয় পরিষদের সেক্রেটারি আশরাফুজ্জামান, নিউ ইয়র্ক আওয়ামী লীগের সেক্রেটারি শাহীন আজমল এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহবায়ক খুরশেদ আনোয়ার বাবলু।
উপস্থিত ছিলেন শেখ হাসিনা মঞ্চের সভাপতি জালালউদ্দিন জালাল এবং সেক্রেটারি কায়কোবাদ খান, স্বাধীনতা চেতনামঞ্চের সভাপতি খন্দকার গিয়াস আহমেদ, স্বাধীনতার চেতনা মঞ্চের সেক্রেটারি হেলাল মাহমুদ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান বেনু, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মিজানুল হাসান, মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উপদেষ্টা নূরে আজম বাবু, মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি, মুক্তিযোদ্ধা এ বি সিদ্দিক এবং যুবলীগ নেতা তারিকুল হায়দার।
