২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে আ.লীগ-বিএনপির চার সমাবেশ

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে পৃথকভাবে চারটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 02:51 PM

Updated : 12 Oct 2022, 03:08 PM

৫ জানুয়ারি সোমবার আয়োজিত ওই চার সমাবেশে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বিপুলসংখ্যক প্রবাসী এসব কর্মসূচিতে অংশ নেন।

হোয়াইট হাউজ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে প্রবাসীদের অন্যতম বড় শান্তি সমাবেশের আয়োজন করে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহায়তায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।

বাংলাদেশে চলমান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রতি এবং একাত্তরের ঘাতকদের সমন্বয়ে গঠিত ও পরিচালিত জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধের দাবির প্রতি মার্কিন প্রশাসনের জোরালো সমর্থন আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি নেয়া হয়।

নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড, ম্যাসেচুসেটস, মিশিগান, ইলিনয়, ফ্লোরিডা, ভার্জিনিয়া ইত্যাদি স্থান থেকে দলীয় নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সেক্রেটারি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী প্রমুখ বক্তব্যএ দুই সমাবেশে বক্তব্য দেন।

নিজাম চৌধুরী বলেন, “বাংলাদেশের ১৬ কোটি মানুষ যেমন শেখ হাসিনার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ, ঠিক একইভাবে এক কোটি প্রবাসীও শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রচন্ড শীতের মধ্যেও আজকের এ বিশাল সমাগম তারই ইঙ্গিত বহন করছে।”

সেক্রেটারি সাজ্জাদ বলেন, ‘সীমিত সম্পদ নিয়েই বাংলাদেশ আজ উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে বিশ্বে মডেল হিসেবে পরিণত হয়েছে কেবলমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বিচক্ষণতাপূর্ণ নেতৃত্বের কারণে।’

সভাপতির বক্তব্যে সিদ্দিকুর বলেন, “জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির হচ্ছে সন্ত্রাসী সংগঠন। বাংলাদেশের মানুষ এ দুটি সংগঠনকে নিষিদ্ধ করার দাবিতে আজ ঐক্যবদ্ধ। প্রবাসীরাও সে মেসেজই দিলেন আজকের এ সমাবেশ থেকে।”

এ দুটি সমাবেশের পর আওয়ামী লীগ নেতা-কর্মীরা বাংলাদেশ দূতাবাসে যান এবং রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি দেন।

স্মারকলিপিতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার নেতৃত্বে প্রবাসীরা অবিচল আস্থাশীল থাকবে বলে উল্লেখ করার পাশাপাশি অবিলম্বে জামাত-শিবিরকে নিষিদ্ধের অনুরোধ জানানো হয়।

নেতাদের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এম ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, যুব বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ এবং সেক্রেটারি ফরিদ আলম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ জাহান প্রমুখ।

এদিকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে এবং অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দুপুর থেকে বিকাল পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র বিএনপির বিবদমান দুই পক্ষের উদ্যোগে দুটি আলাদা সমাবেশ হয়।

প্রচণ্ড ঠাণ্ডার মধ্যেও কয়েকশ গজের ব্যবধানে এ দুটি সমাবেশে শ’দেড়েক প্রবাসী যোগ দেন।

একটি সমাবেশ থেকে বহির্বিশ্ব বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ৪৩ দেশে একযোগে অনুষ্ঠানরত কর্মসূচির সমন্বয় করেন।

এ সময় সম্রাট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেগম জিয়াকে সমাবেশ করতে না দিয়ে সরকার তার স্বৈরাচারী মনোভাবের নগ্ন বহির্প্রকাশ ঘটিয়েছেন এবং এ ধরনের আচরণে আমাদের দাবির প্রতি বিশ্ব মানবতার সহানুভূতি আরো বাড়লো।”

এই সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন গিয়াস আহমেদ, এম এ বাতিন, এ কে আজাদ, আতাউর রহমান আতা, মাজহারুল ইসলাম জনি প্রমুখ।

এ সময় একজন কর্মকর্তার মাধ্যমে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে একটি স্মারকলিপি দেয়া হয়।

সমাবেশের কাছেই মীর মিজান নামক এক কর্মীকে অনশনরত অবস্থায় দেখা যায়। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত তিনি আমরণ অনশন চালানোর ঘোষণা দিলেও কয়েক ঘন্টা পর সন্ধ্যা ৬টার দিকে সেখানে আর তাকে দেখা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায় যে,  রীতি অনুযায়ী কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় পুলিশ তাকে তাড়িয়ে দেয়।  

যুক্তরাষ্ট্র বিএনপির অপর অংশের বিক্ষোভ-সমাবেশে নেতৃত্ব দেন শরাফত হোসেন বাবু। ওই সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, জসীম ভূইয়া, গোলাম ফারুক শাহীন, নূরল আমিন পলাশ, রুহুল আমিন নাসির, আবু সাঈদ আহমেদ প্রমুখ।